Saturday, August 13, 2016

নিষেধাজ্ঞা উঠলেও অপেক্ষায় আশরাফুল


স্পোর্টস ডেক্স। প্রথম আলো টোয়েন্টিফোর.কম
 
ঢাকা: বিপিএলে ফিক্সিংয়ের দায়ে ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকা মোহাম্মদ আশরাফুলের নিষেধাজ্ঞা শেষ হয়ে গেল শনিবার (১৩ আগস্ট, ২০১৬)। বিষয়টি এতদিন মুখে মুখে থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার আনুষ্ঠানিকভাবে আশরাফুলের প্রসঙ্গে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।

শনিবারই আশরাফুল লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন। ২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় সংস্করণে ফিক্সিংয়ে জড়িত থাকায় আশরাফুলকে ৩ বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ আট বছরের জন্য নিষিদ্ধ করে বিসিবির গঠিত বিশেষ ট্রাইব্যুনাল। পরে আশরাফুল আপিল করলে সেই নিষেধাজ্ঞা কমে আসে দুই বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ পাঁচ বছরে। সে অনুযায়ী বাংলাদেশের সাবেক এই অধিনায়কের নিষেধাজ্ঞা উঠে যায় আজ (১৩ আগস্ট)।

তবে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেও এই ব্যাটসম্যান কোন ধরনের ক্রিকেট খেলতে পারবেন সেটা নিয়ে ছিল সংশয়। আশরাফুলের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ব্যাপারে বিস্তারিত জানতে চেয়ে আইসিসির কাছে চিঠিও পাঠিয়েছে বিসিবি। শনিবার আইসিসি থেকে কিছু জানানো হয়নি।

এদিকে, মিরপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি সুজন জানান, ‘আশরাফুলের নিষেধাজ্ঞা উঠে গেছে। তবে, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসির সার্টিফিকেট অব গুড কন্ডাক্ট পেলেই তার ঘরোয়া লিগে খেলতে কোনো বাধা থাকবে না। কিন্তু, কোনো ফ্রাঞ্চাইজিভিত্তিক দলের হয়ে যেমন বিপিএলের মতো আসরে খেলা থেকে বিরত থাকতে হবে আশরাফুলকে।’

ধারণা করা হচ্ছিলো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লংগার ভার্সন ক্রিকেট বিসিএল দিয়েই হয়তো আবার মাঠে নামবেন আশরাফুল। যেটি শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর। কিন্তু চার দলের বিসিএলে দল নির্বাচনে উঠে আসবে পারফরম্যান্সের ব্যাপারটি। ঘরোয়া ক্রিকেটের সেরা পারফরমাররাই সুযোগ পাবেন বিসিএলে।

আশরাফুলকে কবে নাগাত আইসিসি থেকে সেই সার্টিফিকেট দেওয়া হবে সংবাদমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে সুজন জানান, ‘দুই-এক দিনের মধ্যেই আমরা সেটি জানতে পারবো।’

দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে থাকা আশরাফুল বিসিবির ক্রিকেটীয় অবকাঠামো ব্যবহার করতে পারবেন কী না জানতে চাইলে সুজন যোগ করেন, ‘বিসিবির অন্য ক্রিকেটারদের মতোই আশরাফুল সব অবকাঠামো ব্যবহার করতে পারবেন। তবে, তার আগে তাকে আইসিসির সেই সার্টিফিকেট পেতে হবে।’

তথ্য: সংগৃহীত


সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

Share:

সিরিয়ায় রাশিয়ান বিমান হামলায় বাংলাদেশি বংশোদ্ভ‍ূত তরুণী নিহত


আন্তর্জাতিক ডেস্ক | প্রথম আলো টোয়েন্টিফোর.কম

ঢাকা: 
সিরিয়ার রাক্কায় রাশিয়ান বিমান হামলায় খাদিজা সুলতানা নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণী নিহত হয়েছে।

গত বছরের ১৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ যোগদানের উদ্দেশে সিরিয়ায় যায় খাদিজা।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ আগস্ট) খাদিজার পরিবারের আইনজীবী তাসনিম আকঞ্জি স্থানীয় সংবাদমাধ্যমকে এমন তথ্য দিয়েছেন।

তাসনিম জানান, চলতি বছরের মে মাসে রাক্কায় যে ভবনে খাদিজা থাকতো সেই ভবনে হামলা চালায় রাশিয়ান বাহিনী। এরপর থেকে খাদিজার সঙ্গে পরিবারের কেউ যোগাযোগ করতে পারেনি। ধারণা করা হচ্ছে-ওই হামলায় খাদিজা নিহত হয়েছেন।

খাদিজার মৃত্যুর বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় তেমন কিছু জানাতে পারেনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সিরিয়ার সঙ্গে ব্রিটেনের সব কনসুলার সার্ভিস বিচ্ছিন্ন থাকায় এ ধরনের খবর আমরা নিশ্চিত করতে পারছি না।

উল্লেখ্য, ২০১৫ সালের ফেব্রয়ারি মাসে পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত বেথনাল গ্রিন থেকে তিন কিশোরী আইএস এ যোগদানের লক্ষ্যে গেটউইক বিমানবন্দর হয়ে সিরিয়ায় পালিয়ে যায়। এর মধ্যে খাদিজাও ছিলেন।

তথ্য: সংগৃহীত


Share:

মেসি ফিরলেন আর্জেন্টিনা দলে


আন্তর্জাতিক ডেস্ক | প্রথম আলো টোয়েন্টিফোর.কম

ঢাকা: কেউ বৃষ্টিতে ভিজে প্ল্যাকার্ড নিয়ে তার যাতায়াতের রাস্তায় দাঁড়িয়ে থাকলো। কেউ দীর্ঘ আবেগময়ী চিঠি লিখলো। কেউ ইভেন্টের পর ইভেন্ট খুললো। কেউ সভার পর সভা, র্যালির পর র্যালি করলো। কেউ স্ট্যাটাসের পর স্ট্যাটাস দিলো। কেউ হ্যাশট্যাগের পর হ্যাশট্যাগ চালু করলো। কর্তা ব্যক্তি বা কিংবদন্তিরা গণমাধ্যমে কথা বলতে থাকলেন। সবারই এক ডাক, ‘ফিরে এসো মেসি!’

এতো ডাক হয়তো আবেগী করে তুলছিল তাকে। কিন্তু লুকোতে চাইছিলেন। তবে সবচেয়ে বেশি যে আবেগ, দেশ এবং দেশের প্রিয় জার্সির প্রতি, সেটা আর লুকোতে পারলেন না। আন্তর্জাতিক টুর্নামেন্টের চার চারটি ফাইনালে গিয়েও শিরোপা হাতছাড়া করার সব অভিমান উড়িয়ে দিয়ে দেশের জার্সিতে ফিরে আসার সিদ্ধান্ত নিলেন লিওনেল মেসি।

খোদ মেসিই শুক্রবার (১২ আগস্ট) এক বিবৃতির মাধ্যমে জাতীয় দলের হয়ে ফের খেলতে নামার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ক্রীড়া সংবাদমাধ্যমগুলো বলছে, আর্জেন্টিনার নতুন কোচ এদগার্দো বাউজা বার্সেলোনায় উড়ে গিয়ে মেসির সঙ্গে বৈঠক করার পর এমএল১০ এই আলোচিত সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে মেসি বলেন, “শেষ ফাইনালটায় হারের পর আমি অনেক কিছু ভেবেছি এবং অবসরের ব্যাপারটা গুরুত্বের সঙ্গেই নিয়েছিলাম। কিন্তু এই দেশ (আর্জেন্টিনা) এবং এই জার্সিকে আমি খুব ভালোবাসি।”

২০১৪ বিশ্বকাপের ফাইনাল, গত বছরের কোপা আমেরিকার ফাইনালের পর গত জুনে শতবার্ষিক কোপা আমেরিকার ফাইনালেও হেরে যাওয়ায় জাতীয় দলকে আকস্মিক বিদায় বলে দেন মেসি। এ নিয়ে প্রায় পুরো ফুটবলবিশ্ব বিস্মিত হয়।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট থেকে শুরু করে দেশটির কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা, ব্রাজিলিয়ান গ্রেট পেলে, আরেক কিংবদন্তি রোনালদো এমনকি মেসির এসময়ের বড় প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলেন বার্সেলোনার প্রাণভোমরাকে। রাস্তায় নেমে, ইভেন্ট খুলে, চিঠি লিখে কোটি ভক্ত মেসিকে ফিরে আসার আহ্বান জানাতে থাকেন। কিন্তু কিছুতেই সাড়া দিচ্ছিলেন না এমএল১০।

এরমধ্যেই ক’দিন আগে আর্জেন্টিনা দলের কোচ হন এদগার্দো বাউজা। কোচ হওয়ার পরপরই দল গোছানোর সঙ্গে সঙ্গে মেসিকে জাতীয় দলে ফেরানোর মিশনে নামেন তিনি। হাতে তার ক্লাবের ম্যাচ বাকি থাকা সত্ত্বেও তিনি যোগাযোগ করতে থাকেন মেসির সঙ্গে। এরপর গত সপ্তাহে বার্সেলোনায় উড়ে গিয়ে বৃহস্পতিবার (১১ আগস্ট) এলএম১০ এর সঙ্গে বৈঠকে বসেন। তার আগে কোচের সামনেই মেসি হুয়ান গাম্পার ট্রফিতে সাম্পদোরিয়ার বিপক্ষে মাঠ মাতান। তার জোড়া  গোলের সুবাদে ৩-১ ব্যবধানে জয় পায় বার্সেলোনা।

বৈঠকে আলোচনার পর দেশে ফিরে বাউজা জানান, তিনি মেসির ইতিবাচক ইঙ্গিত পেয়েছেন। কিন্তু সে বিষয়টি মেসি জানাবেন বলে তার ওপরই ছেড়ে দেন। অবশ্য, সেপ্টেম্বরে উরুগুয়ে ও ভেনেজুয়েলার সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য বাংলাদেশ সময় শুক্রবার দিনগত রাত ৩টায় (আর্জেন্টাইন সময় শুক্রবার সন্ধ্যা ৬টা) দল ঘোষণার কথা কোচ বাউজার। তার আগে তিনি মেসিকে ফোন করবেন বলেও জানান।

আর ফোন করার আগেই বিবৃতি দিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিলেন পাঁচবারের বিশ্বসেরা ফুটবলার বা ব্যালন ডি’অর খেতাবজয়ী মেসি। সিদ্ধান্ত জেনে গেলেন বাউজা, সুখবর পেয়ে গেলো আর্জেন্টিনাও।

তথ্য: সংগৃহীত



Share:

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন